২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে গোল্ডেন বুটের লড়াই জমে উঠেছে চূড়ান্ত পর্যায়ে। সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে লিওনেল মেসির সমান ৬ গোল নিয়ে গোল্ডেন বুট জয়ের দৌড়ে যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

বুধবার (১ জুলাই) নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে এমবাপ্পের নৈপুণ্যে সুইডেনকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। ৪৫তম ও ৭৪তম মিনিটে গোল দুটি করেন তিনি। চলতি বিশ্বকাপে এটি তার ষষ্ঠ গোল, যা তাকে মেসির সমতায় নিয়ে এসেছে। যেহেতু ফ্রান্স পরবর্তী রাউন্ডে উঠেছে, তাই এমবাপ্পের সামনে এককভাবে শীর্ষে ওঠার সুযোগ রয়েছে।

রেকর্ড বইয়ে এমবাপ্পে

সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৮-তে উন্নীত করেছেন এমবাপ্পে। এর ফলে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসেকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে জায়গা করে নিয়েছেন।

মেসির রেকর্ডের অপেক্ষায় এমবাপ্পে

বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা বর্তমানে লিওনেল মেসি, যার গোলসংখ্যা ২৯ ম্যাচে ১৯টি। মেসির এই রেকর্ড স্পর্শ করতে এমবাপ্পের আর মাত্র একটি গোল প্রয়োজন। তবে শেষ ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে মেসির গোল করার সুযোগ থাকায় সেই ব্যবধান আবারও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে ২৭ বছর বয়সী এমবাপ্পে যেভাবে ধারাবাহিক পারফরম্যান্স করে চলেছেন, তাতে গোল্ডেন বুটের পাশাপাশি বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের করে নেওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে তার সামনে। এখন দেখার বিষয়, পরবর্তী ম্যাচগুলোতে এই দুই মহাতারকার লড়াই কোন দিকে মোড় নেয়।

জেএস