বিশ্বকাপের অন্যতম ফেবারিট জার্মানির বিপক্ষে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে প্যারাগুয়ে। শেষ ৩২-এর ম্যাচের আগে দলটির কোচ গুস্তাভো আলফারো মনে করেন, এটি তার খেলোয়াড়দের জীবনের সবচেয়ে বড় সুযোগ।

সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত আড়াইটায় বোস্টনে মুখোমুখি হবে জার্মানি ও প্যারাগুয়ে।

গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল প্যারাগুয়ে। তবে পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় তারা। ২০০২ সালের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে খেলবে দক্ষিণ আমেরিকার দলটি।

অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হলেও শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে হেরেছে জার্মানি। আইভরি কোস্টের বিপক্ষেও শেষ মুহূর্তে জয় নিশ্চিত করতে হয়েছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আলফারো বলেন, ‘জার্মানি বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার। তবে আমরা মাঠে আমাদের সর্বোচ্চটা উজাড় করে দেব। এমন চ্যালেঞ্জের জন্যই তো বিশ্বকাপে আসা।’

২০২৪ সালের কোপা আমেরিকায় হতাশাজনক পারফরম্যান্সের পর প্যারাগুয়ের দায়িত্ব নেন আর্জেন্টাইন কোচ আলফারো। দায়িত্ব নেওয়ার পর কঠিন পরিস্থিতি থেকে দলকে ঘুরে দাঁড় করানোর কৃতিত্ব তিনি খেলোয়াড়দেরই দিয়েছেন।

তিনি জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর শেষ ৩২ নিশ্চিত করতে কয়েক দিন অপেক্ষা করতে হয়েছে। এরপর ম্যাচের মাত্র এক দিন আগে দলটি বোস্টনে পৌঁছায়।

আলফারো বলেন, ‘জার্মানির মতো দলের বিপক্ষে প্রস্তুতির জন্য এটি আদর্শ পরিস্থিতি নয়। তবে প্রতিকূল অবস্থায় আমার খেলোয়াড়রা যেভাবে সাড়া দেয়, তাতে আমার পূর্ণ আস্থা রয়েছে।’

খেলোয়াড়দের উদ্দেশে দেওয়া নিজের বার্তার কথাও তুলে ধরেন প্যারাগুয়ের কোচ।

‘আমি ওদের বলেছি, এটিই আমাদের প্রথম বিশ্বকাপ। এখানে খেলতে পারাটাই বড় অর্জন। বিশ্বকাপে খেলার সুযোগ সবার ভাগ্যে আসে না। এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারলে তা একজন মানুষের জীবন বদলে দিতে পারে।’

এই ম্যাচের বিজয়ী শেষ ষোলোতে ফ্রান্স ও সুইডেনের মধ্যকার ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে।

জেএএ