২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রতীকী ছবি
চলতি ২০২৬ সালের মাঝপথেই ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে আগামী বছরের পবিত্র রমজান ও ঈদ নিয়ে কৌতূহল দেখা দিয়েছে। সেই কৌতূহলের অবসান ঘটিয়ে ২০২৭ সালের (১৪৪৮ হিজরি) সম্ভাব্য রমজান মাস ও ঈদুল ফিতরের তারিখ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম ‘জর্ডান নিউজ’। জ্যোতির্বিজ্ঞানীদের সূক্ষ্ম গাণিতিক হিসাব-নিকাশ এবং সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারের তথ্যের ওপর ভিত্তি করে এই আগাম আভাস দেওয়া হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, ২০২৭ সালে পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি (সোমবার)।
চাঁদ দেখা ও রমজানের হিসাব
গাণিতিক বিশ্লেষণ অনুযায়ী, ১৪৪৮ হিজরির শাবান মাসের ২৯ তারিখ অর্থাৎ ৬ ফেব্রুয়ারি (শনিবার) সূর্যাস্তের পর রমজান মাসের চাঁদ পর্যবেক্ষণের কথা রয়েছে। তবে জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, ঐ দিন চাঁদ দেখা না যাওয়ায় শাবান মাস ৩০ দিন পূর্ণ করবে। ফলে ৭ ফেব্রুয়ারি (রবিবার) শাবান শেষ হয়ে পরদিন ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে বিশ্বজুড়ে রোজা শুরু হতে পারে।
ঈদুল ফিতরের সম্ভাব্য দিন
একই প্রতিবেদনে সিয়াম সাধনার মাস শেষে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখও উল্লেখ করা হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ২০২৭ সালের রমজান মাসটি ২৯ দিনে শেষ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে ৮ মার্চ (সোমবার) রমজান মাস পূর্ণ হলে ৯ মার্চ (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর।
তবে প্রতিবেদনে মনে করিয়ে দেওয়া হয়েছে, হিজরি ক্যালেন্ডারের প্রতিটি মাসই সম্পূর্ণভাবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই চূড়ান্ত তারিখ জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমেই নির্ধারিত হবে। ভৌগোলিক অবস্থানের কারণে সাধারণত মধ্যপ্রাচ্যের পরদিন বাংলাদেশে রমজান ও ঈদ পালিত হয়ে থাকে।
জেএস

international desk
© 2026 Daily Destiny. All rights reserved.








