গণভোটের রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়নই জাতির প্রধান প্রত্যাশা: আবদুল হালিম

বক্তব্য রাখছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম। ছবি : সংগৃতীত
গণভোটে জনগণের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়নই এখন জাতির প্রধান প্রত্যাশা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম।
বুধবার (১ জুলাই) রংপুর মহানগর ও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক আঞ্চলিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
মাওলানা আবদুল হালিম বলেন, বর্তমান প্রধানমন্ত্রী আবু সাঈদের কবর জিয়ারত শেষে রংপুরের জনসভায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে সরকার গঠনের পর জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে। তিনি আরও বলেন, জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জাতীয় অঙ্গীকার পূরণে সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।
১১ দলীয় ঐক্যের চার দফা দাবি
রংপুর বিভাগীয় পর্যায়ে আগামী ১১ জুলাই ঐতিহাসিক রংপুর জেলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ থেকে উত্থাপিত চার দফা দাবিগুলো হলো:
গণভোটের গণরায় বাস্তবায়ন
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ
সীমান্তে পুশইন ও সীমান্ত হত্যা বন্ধ করা
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করে জনদুর্ভোগ লাঘব করা
মাওলানা আবদুল হালিম উল্লেখ করেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে মানুষ আর আশ্বাস শুনতে চায় না; তারা এর দ্রুত বাস্তবায়ন চায়। আগামী ১১ জুলাইয়ের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমেদসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষস্থানীয় নেতারা।
বৈঠকটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান। এতে রংপুর অঞ্চলের বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং জামায়াতের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেএস

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.






