প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর ‘ভিক্ষার ঝুলি’ মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (২৯ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে বাজেট ও প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, ‘আমরা কেউই চাই না দেশের মন্ত্রী-নেতারা বিদেশে ভিক্ষার ঝুলি হাতে যাবেন। তবে একই সঙ্গে বাস্তবতার দিক থেকেও চোখ বন্ধ করে থাকা ঠিক নয়।’

তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীন সফর প্রসঙ্গে ‘ভিক্ষার ঝুলি’ শব্দ ব্যবহার করেছেন, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বাজেটে ঘোষিত ঘাটতি প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। উচ্চ মূল্যস্ফীতি, ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি, বেসরকারি বিনিয়োগে স্থবিরতা, রাজস্ব আদায়ে ঘাটতি, খেলাপি ঋণ বৃদ্ধি এবং ব্যাংক খাতে তারল্য সংকট—সব মিলিয়ে অর্থনীতি চাপের মধ্যে রয়েছে।

তিনি আরও প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী চীন সফর থেকে কোনো ঋণ বা বিনিয়োগের আশ্বাস পাওয়া গেছে কি না এবং তা হলে তার পরিমাণ কত।

রুমিন ফারহানা বলেন, প্রতিবছর বাজেটের সময় উচ্চ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বাস্তবে রাজস্ব আদায় অনেক ক্ষেত্রেই তা পূরণ করতে পারে না, ফলে ঘাটতি ক্রমাগত বাড়ছে।

তার মতে, ‘স্বপ্ননির্ভর বাজেট’ বাস্তবতার সঙ্গে মিল না থাকায় জনগণকে বছরের পর বছর অর্থনৈতিক চাপের মুখে পড়তে হচ্ছে।

জেএএ