ঢাকায় ৫ আগস্ট গণমিছিলের ডাক জামায়াতের

ছবি: সংগৃহীত
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানী ঢাকায় গণমিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর বারিধারায় জামায়াতের ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেন, জুলাই কেবল একটি মাস নয়, এটি আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার একটি ঐতিহাসিক অধ্যায়। এই ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, সরকার ক্ষমতায় আসার আগে যে সংস্কার ও অঙ্গীকারের কথা বলেছিল, পরবর্তীতে তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বলে তাদের দাবি। এর ফলে জাতীয় ঐক্যে বিভাজন তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামী ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে। এর মধ্যে রয়েছে—গ্রাফিতি অঙ্কন, শহিদ পরিবারের সঙ্গে মতবিনিময়, শাহাদাতের ঘটনাস্থলভিত্তিক আলোচনা, বিশ্ববিদ্যালয়ভিত্তিক সমাবেশ, দোয়া মাহফিল এবং বিভিন্ন পেশাজীবী সমাবেশ।
কর্মসূচির অংশ হিসেবে ৫ আগস্ট রাজধানীতে গণমিছিল অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
এজেএ

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.






