সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শোন অ্যারেস্ট (Shown Arrest), গ্রেপ্তার বা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না—হাইকোর্টের দেওয়া এ আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে এ-সংক্রান্ত জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের পৃথক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আদেশের পর তিনি সাংবাদিকদের বলেন, আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন। এর ফলে কোনো ফৌজদারি অভিযোগে এজাহারে কারও নাম না থাকলেও, তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পেলে তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করতে পারবেন।

এর আগে হাইকোর্ট রায়ে বলেছিলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা না থাকলে তাকে শোন অ্যারেস্ট, গ্রেপ্তার বা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না। কয়েকজন আবেদনকারীর ক্ষেত্রে ওই আদেশ দেওয়া হয়।

একই সঙ্গে হাইকোর্ট জানতে চেয়ে রুল জারি করেন, আবেদনকারীদের বারবার শোন অ্যারেস্ট দেখানো এবং হয়রানি, অপমান ও নিপীড়নের উদ্দেশ্যে গুরুতর প্রকৃতির মিথ্যা মামলায় জড়ানোর জন্য বিবাদীদের নেওয়া পদক্ষেপ কেন বেআইনি, আইনগত কর্তৃত্ববহির্ভূত ও অকার্যকর ঘোষণা করা হবে না। পাশাপাশি, আবেদনকারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাদের শোন অ্যারেস্ট, গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ কেন দেওয়া হবে না—তাও জানতে চান আদালত।

পরে হাইকোর্টের এ ধরনের কয়েকটি আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।