তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

ছাব: সংগৃহীত
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর বাতিল হওয়া রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল করেছে সরকার। তবে হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেওয়া হলেও এর সঙ্গে তিনটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরীর সই করা এক স্মারকে লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়।
লাইসেন্স পুনর্বহালের শর্ত:
১. ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশনস) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর সব বিধান যথাযথভাবে প্রতিপালন করতে হবে।
২. লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে।
৩. লাইসেন্সের শর্ত লঙ্ঘন বা প্রতিপালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যে কোনো সময় আইনানুগ ব্যবস্থা নিতে পারবে।
হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির লাইসেন্স পুনর্বহালের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে লেখেন, “আলহামদুলিল্লাহ। আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল লাইসেন্স ফিরে পেয়েছে।”
এর আগে গত ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তর এক চিঠির মাধ্যমে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানায়। একই সঙ্গে ওই আদেশের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে সরকারের কাছে আপিল বা পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করা হয়েছিল।
উল্লেখ্য, গত ২৭ মে ঈদুল আজহার আগের দিন রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, ওয়ার্ডে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা বন্ধ থাকা, বিকল্প ভেন্টিলেশনের অভাব এবং বাতাসে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়াই নবজাতকদের মৃত্যুর সম্ভাব্য কারণ।
ঘটনার পর ৪ জুন স্বাস্থ্য মন্ত্রণালয় তদন্ত প্রতিবেদন প্রকাশ করে এবং একই দিন হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। পরে হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জবাব দেওয়ার সময়সীমা আরও ৪৮ ঘণ্টা বাড়ানো হয়।
পরবর্তীতে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক নয়। এর পরিপ্রেক্ষিতে হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছিল। বর্তমানে নির্ধারিত শর্তসাপেক্ষে সেই লাইসেন্স পুনর্বহাল করা হয়েছে।

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.










