দুই বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ায় লোডশেডিং উল্লেখযোগ্যভাবে কমেছে: বিদ্যুৎমন্ত্রী

ছবি: সংগৃহীত
দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পুনরায় চালু হওয়ায় দেশের বিদ্যুৎ পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছে এবং লোডশেডিং অনেকটাই কমে এসেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় গতকাল কিছু এলাকায় লোডশেডিং দিতে হয়েছিল। তবে আজ উৎপাদন বৃদ্ধি পেয়ে বিদ্যুৎ উৎপাদন দাঁড়িয়েছে ১৪ হাজার ৫০০ মেগাওয়াটে।
তিনি আরও জানান, বর্তমানে দেশের বিদ্যুতের চাহিদা ১৪ হাজার ৮৩৯ মেগাওয়াট। ফলে ঘাটতি নেমে এসেছে প্রায় ৩৩৯ মেগাওয়াটে, যা আগের তুলনায় অনেক কম।
মন্ত্রী বলেন, সরকার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুত ব্যবস্থা নিচ্ছে এবং অবশিষ্ট ঘাটতি কমানোর কাজ চলছে। কিছু এলাকায় এখনও সীমিত লোডশেডিং থাকতে পারে, তবে তা পর্যায়ক্রমে কমিয়ে আনা হবে।
এর আগে সংসদে দেওয়া আরেক বিবৃতিতে তিনি জানান, প্রযুক্তিগত ত্রুটি এবং বঙ্গোপসাগরের প্রতিকূল আবহাওয়ার কারণে কয়লা খালাসে সমস্যা হওয়ায় দুটি বিদ্যুৎকেন্দ্রের ইউনিট সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, যার প্রভাব বিদ্যুৎ সরবরাহে পড়ে।
এজেএ

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.






