বৈশ্বিক অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে চায় পুলিশ

ছবি: সংগৃহীত
বৈশ্বিক অপরাধের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, তথ্য বিনিময় এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ।
এ লক্ষ্যে প্রথমবারের মতো ‘ডিপ্লোম্যাটিক সিকিউরিটি কোঅপারেশন, ইনফরমেশন শেয়ারিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অব বাংলাদেশ পুলিশ’ শীর্ষক সমন্বয় সভার আয়োজন করা হয়।
সোমবার (২৯ জুন) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।
সভায় মূল প্রবন্ধে বলা হয়, সাইবার অপরাধ, ডিজিটাল জালিয়াতি, মানবপাচার, সন্ত্রাসে অর্থায়ন, অনলাইন জুয়া, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অপরাধ, ডিপফেক, ভুল তথ্য ও অপতথ্য এখন বৈশ্বিক নিরাপত্তার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও তথ্য বিনিময় আরও জোরদার করা জরুরি।
আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, বাংলাদেশ পুলিশ শুধু দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় নয়, বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবেও কাজ করছে। কার্যকর পুলিশিং নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা ও কূটনৈতিক সমন্বয় আরও শক্তিশালী করা প্রয়োজন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, আন্তঃদেশীয় অপরাধ দমনে এককভাবে কোনো দেশের পক্ষে কার্যকরভাবে কাজ করা সম্ভব নয়। তাই তথ্য বিনিময় ও সহযোগিতা বাড়ানো জরুরি।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিতে বিশেষায়িত ইউনিট গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
সভায় অংশ নেওয়া বিদেশি কূটনীতিকরা বাংলাদেশ পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে সাইবার অপরাধ, মানি লন্ডারিং, মানবপাচারসহ বিভিন্ন আন্তঃদেশীয় অপরাধ দমনে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
সভায় ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দূতাবাসের নিরাপত্তা কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এইচএমজে

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.






