মুন্সীগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি (৬৪)-কে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে দুপুরে তাকে আবারও কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার রাত থেকে দীপু মনি শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন। সোমবার ভোরে অবস্থার অবনতি হলে প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আরিফুজ্জামান বলেন, ভোর সাড়ে ৪টার দিকে তাকে হাসপাতালে আনা হয় এবং সকাল ৬টা পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়। পরে কিডনি-সংক্রান্ত জটিলতার কারণে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তবে সেখানে দীর্ঘ সময় ভর্তি না রেখে প্রয়োজনীয় চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দুপুরের দিকে আবার তাকে কারাগারে ফিরিয়ে আনা হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, প্রায় পাঁচ মাস ধরে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন। আগে থেকেই তিনি অ্যালার্জিসহ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর দীপু মনি গ্রেপ্তার হন। বর্তমানে একাধিক মামলায় তিনি কারাগারে রয়েছেন।

জেএএ