৫৯ বছর বয়সে মা হলেন চীনা নারী!

নিজস্ব প্রতিবেদন
চীনে ৫৯ বছর বয়সে সন্তান জন্ম দিয়ে আলোচনার কেন্দ্রে এসেছেন ঝোউ নামের এক নারী। দীর্ঘদিনের নিঃসঙ্গতা কাটাতে তিনি এই বয়সে দ্বিতীয়বার মা হওয়ার সিদ্ধান্ত নেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
ঝোউর বড় মেয়ে বিদেশে থাকায় তিনি ও তাঁর স্বামী মানসিকভাবে একাকিত্বে ভুগছিলেন। সেই শূন্যতা দূর করতেই প্রায় দুই বছর আগে নতুন করে সন্তান নেওয়ার পরিকল্পনা করেন তাঁরা। বয়সজনিত কারণে স্বাভাবিকভাবে গর্ভধারণ সম্ভব না হওয়ায় আইভিএফ পদ্ধতির আশ্রয় নেন এই দম্পতি।
গর্ভধারণের জন্য ঝোউ নিজেকে শারীরিকভাবে প্রস্তুত করেন—নিয়মিত ব্যায়াম ও সুষম খাদ্যাভ্যাস অনুসরণ করেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নেন। কয়েক মাসের চেষ্টায় তিনি সফলভাবে অন্তঃসত্ত্বা হন।
গর্ভাবস্থায় বিশেষ যত্ন পেলেও এই পথ মোটেই সহজ ছিল না। উচ্চ রক্তচাপ, কিডনি জটিলতা ও পা ফুলে যাওয়ার মতো সমস্যায় ভুগতে হয় তাঁকে। শেষ পর্যন্ত ৯ জানুয়ারি অস্ত্রোপচারের মাধ্যমে ২.২ কেজি ওজনের এক সুস্থ পুত্রসন্তানের জন্ম দেন তিনি।
চিকিৎসক গুও ঝোউকে অসাধারণ সাহসী মা হিসেবে আখ্যা দিয়েছেন। এই ঘটনা চীনে বয়স্ক নারীদের মাতৃত্ব নিয়ে নতুন করে সামাজিক আলোচনার জন্ম দিয়েছে।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.











