ভারতের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসায় মারাত্মক গাফিলতির অভিযোগ উঠেছে। বাঁ পায়ের হাড় ভাঙার অস্ত্রোপচার করতে গিয়ে চিকিৎসকরা ভুলবশত রোগীর সুস্থ ডান পায়ে অপারেশন করেন বলে দাবি পরিবারের।

ঘটনাটি ঘটে গত ১৭ ডিসেম্বর। মুর্শিদাবাদের সুতি-২ ব্লকের মালোপাড়া এলাকার ৭৫ বছর বয়সী রেণু বিবি বাড়ির সিঁড়িতে পড়ে গিয়ে বাঁ দিকের হিপ জয়েন্টে গুরুতর আঘাত পান। পরীক্ষার পর চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন এবং পরিবারের সম্মতিতে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

অপারেশন শেষে রোগীকে বাইরে আনার সময় দেখা যায়, ভাঙা বাঁ পায়ের বদলে ডান পায়ে ব্যান্ডেজ করা হয়েছে। জ্ঞান ফেরার পর রেণু বিবি নিজেই ভুলের কথা জানান। অভিযোগ অনুযায়ী, নার্স ও ওটি সহকারীদের উপস্থিতিতেই সুস্থ ডান পায়ে অস্ত্রোপচার সম্পন্ন হয়।

ভুল ধরা পড়ার পর দ্রুত তাকে আবার অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং আহত বাঁ পায়ে ট্রাকশন দেওয়া হয়। যদিও হাসপাতালের একাংশ দাবি করছে, রোগীর দুই পায়েই আঘাত ছিল, তবে পরিবারের প্রশ্ন—যেখানে বাঁ পায়ের অস্ত্রোপচারের কথা ছিল, সেখানে ডান পায়ে অপারেশন হলো কীভাবে।

এ ঘটনায় রোগীর স্বজনদের মধ্যে ক্ষোভ ও বিস্ময় দেখা দিয়েছে। তারা বলছেন, এক্স-রে ও শারীরিক পরীক্ষার পর এমন ভুল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো লিখিত অভিযোগ জমা পড়েনি, তবে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত মেডিক্যাল সুপার অনাদি রায় চৌধুরী বলেন, অভিযোগটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং দায়ী প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।