সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের বাধা কাটল

ছবি: সংগৃহীত
আইনি জটিলতায় ঝুলে থাকা দেশের প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের পথ সুগম হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এক রায়ে এই নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান আইনি বাধা দূর করেছেন।
২০১৩ সালে সরকার ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিভাবে অধিগ্রহণ করে। ওই সময় প্রণীত আইন অনুযায়ী, অধিগ্রহণ করা স্কুলের সকল শিক্ষককে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করতে হয়, যদিও তারা পূর্বে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন। শিক্ষকরা তখন এটি মেনে নিলেও পরে জ্যেষ্ঠতা, চাকরির মেয়াদ গণনা ও পেনশন সুবিধা নিয়ে আইনি জটিলতা তৈরি হয়।
অধিগ্রহণ করা শিক্ষকরা তাদের আগের অভিজ্ঞতা, পেনশন ও প্রমোশনের সুযোগের দাবি জানিয়ে হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট তখন ওই আইনের একটি বিধান বাতিল করে রায় দিয়েছিলেন। সেই রায়ের বিরুদ্ধে সরকার আপিল করলে, আজ বৃহস্পতিবার আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে দেন।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানান, ২০১৩ সালে ২৬ হাজার বিদ্যালয় অধিগ্রহণের পর থেকে অবসরের কারণে শূন্যপদ সৃষ্টি হতে থাকে। সময়ের ব্যবধানে সেই সংখ্যা বেড়ে বর্তমানে প্রায় ৩২ হাজারে দাঁড়িয়েছে। আদালতের এই রায়ের ফলে এখন সরকার এই ৩২ হাজার বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে।
জেএস

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.






