চীনের জিনজিয়াংয়ে জুতার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৮

ছবি: সংগৃহীত
চীনের ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ‘হুইতেং ফুটওয়্যার’ নামের এই কারখানায় অগ্নিকাণ্ডের এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিশ্বের স্পোর্টস জুতা উৎপাদনের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত জিনজিয়াংয়ে এমন ভয়াবহ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সময় দুপুর ১২টার দিকে কারখানার নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, সেখানে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকার কারণে আগুন মুহূর্তের মধ্যেই পুরো ভবনে ছড়িয়ে পড়ে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ভবনের ভেতর থেকে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে এবং কারখানার ছাদে বেশ কিছু মানুষ আটকা পড়ে সাহায্যের জন্য অপেক্ষা করছেন।
সংবাদ পেয়ে শত শত উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছে দুই শতাধিক মানুষকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়। তবে নিহতের সংখ্যা ২৮ জন নিশ্চিত করা হয়েছে। আহতদের সংখ্যা সম্পর্কে এখনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, ‘এই ঘটনায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের কারণ ও দায়ীদের খুঁজে বের করে তাদের কঠোর জবাবদিহির আওতায় আনা হবে।’
ইতিমধ্যে স্থানীয় কর্তৃপক্ষ কারখানার মালিকপক্ষের সাথে সংশ্লিষ্ট কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে এবং ওই প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরকে চীনের ‘জুতার রাজধানী’ বলা হয়। বিশ্বের মোট স্পোর্টস জুতার প্রায় ২০ শতাংশই এই শহরে উৎপাদিত হয়। গত নভেম্বরে হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর চীনজুড়ে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অভিযান চললেও, এমন দুর্ঘটনা আবারও কারখানার নিরাপত্তা ঝুঁকি নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।
জেএস

international desk
© 2026 Daily Destiny. All rights reserved.










