মানব স্নায়ুকোষ দিয়ে পরীক্ষাগারে ‘কৃত্রিম মস্তিষ্ক’ তৈরির দাবি ইরানের

মানব স্নায়ুকোষ দিয়ে কৃত্রিম মস্তিষ্ক তৈরির দাবি ইরানের । ছবি: এআই
মানব স্নায়ুকোষ (নিউরন) ব্যবহার করে পরীক্ষাগারে শেখার সক্ষমতাসম্পন্ন একটি জীবন্ত স্নায়বিক কাঠামো তৈরি করার দাবি করেছে ইরান। দেশটির বিজ্ঞানীদের ভাষ্য, এই প্রযুক্তি ভবিষ্যতে কোষভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন প্রজন্মের কম্পিউটার প্রসেসর তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি এনে দিতে পারে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর–কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির জ্ঞানবিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন টাস্কফোর্সের সচিব এ তথ্য জানান।
তিনি বলেন, ইরানি গবেষকরা মানবদেহের বাইরে পরীক্ষাগারে মানব স্নায়ুকোষ বৃদ্ধি ও সংরক্ষণের প্রযুক্তি সফলভাবে আয়ত্ত করেছেন। এসব স্নায়ুকোষ পরস্পরের সঙ্গে সংযোগ স্থাপন করে এমন একটি স্নায়বিক নেটওয়ার্ক তৈরি করতে সক্ষম, যা উদ্দীপনার প্রতিক্রিয়ায় শেখার বৈশিষ্ট্য প্রদর্শন করতে পারে।
পুর-আব্বাসির দাবি, এই গবেষণা ভবিষ্যতে বায়োলজিক্যাল বা কোষভিত্তিক কম্পিউটার প্রসেসর তৈরির পথ উন্মুক্ত করতে পারে। তিনি জানান, ইরানের একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ইতোমধ্যে এ প্রযুক্তির একটি পরীক্ষামূলক (প্রোটোটাইপ) নমুনাও তৈরি করেছে।
তার মতে, জীবন্ত স্নায়ুকোষভিত্তিক প্রসেসর প্রচলিত সিলিকনভিত্তিক চিপের তুলনায় অনেক বেশি দক্ষ হতে পারে। তিনি দাবি করেন, এ ধরনের প্রসেসর একদিকে দ্রুততর তথ্য প্রক্রিয়াকরণে সক্ষম হবে, অন্যদিকে বিদ্যুৎ খরচ প্রায় ১০ লাখ গুণ পর্যন্ত কমানো সম্ভব হতে পারে।
তিনি আরও বলেন, এ কারণেই জীবন্ত কোষভিত্তিক কম্পিউটিং প্রযুক্তি বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে কৌশলগত গুরুত্ব পাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), নিউরোমরফিক কম্পিউটিং, স্নায়ুবিজ্ঞান এবং চিকিৎসা গবেষণায় এ ধরনের প্রযুক্তির সম্ভাবনা নিয়ে ব্যাপক গবেষণা চলছে।
তবে বিশেষজ্ঞদের মতে, ল্যাবে স্নায়ুকোষের নেটওয়ার্ক তৈরি করা আর পূর্ণাঙ্গ কার্যকর ‘কৃত্রিম মস্তিষ্ক’ তৈরি করা এক বিষয় নয়। বর্তমানে বিশ্বের বিভিন্ন গবেষণাগারে মানব স্নায়ুকোষের ক্ষুদ্র ত্রিমাত্রিক গুচ্ছ (Brain Organoid) এবং নিউরাল নেটওয়ার্ক নিয়ে গবেষণা হলেও এগুলো এখনো পূর্ণাঙ্গ মানব মস্তিষ্কের বিকল্প নয় এবং বাণিজ্যিক ব্যবহার থেকেও অনেক দূরে।
ইরানও স্বীকার করেছে, তাদের এই প্রযুক্তি এখনই বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য নয়। তবে দেশটির দাবি, ভবিষ্যতের কোষভিত্তিক কম্পিউটিং প্রযুক্তির জন্য প্রয়োজনীয় মৌলিক সক্ষমতা তারা ইতোমধ্যে অর্জন করেছে।সূত্র: ইরানি সংবাদ সংস্থা মেহরি
ইউ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
© 2026 Daily Destiny. All rights reserved.






