বিদ্যুৎ ছাড়াই সমুদ্রের পানি পানযোগ্য করছে চীন

ছবি: সংগৃহতি
বিদ্যুৎ বা কোনো বাড়তি জ্বালানি ছাড়াই সৌরশক্তির সাহায্যে সমুদ্রের নোনা পানিকে পানযোগ্য করার এক নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনের বিজ্ঞানীরা।
সাধারণত সমুদ্রের পানি থেকে লবণ আলাদা করার প্রক্রিয়া অত্যন্ত ব্যয়বহুল এবং এতে প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয়। ফলে এতদিন কেবল খনিজ তেলে সমৃদ্ধ দেশগুলোই এই প্রযুক্তি ব্যবহার করতে পারত। তবে চীনা বিজ্ঞানীদের তৈরি এই নতুন প্রযুক্তির ব্যবহারে কম খরচে সুপেয় পানি পাওয়া যাবে।
গবেষকরা জানান, এই প্রযুক্তির মূল কৌশল হলো একটি বিশেষ ‘ফটোথার্মাল মেটেরিয়াল’ বা আলোক-তাপীয় উপাদান। ত্রিমাত্রিক কাঠামোর মধ্যে ন্যানোকণা বুনে এই উপাদানটি তৈরি করা হয়েছে। সূর্যের আলোকে অত্যন্ত দ্রুত তাপে রূপান্তর করতে পারে এই উপাদান।
গবেষণায় দেখা গেছে, এই উপাদানটি ৯০ দশমিক ২ শতাংশ পর্যন্ত সূর্যের আলো শোষণ করতে সক্ষম এবং প্রচলিত পদ্ধতির তুলনায় শক্তি খরচ প্রায় ৪৫ দশমিক ৭ শতাংশ কমিয়ে দেয়।
ইতোমধ্যে একটি মডেল তৈরি করে টানা এক বছর এটি পরীক্ষা করা হয়েছে। এই পানি দিয়ে সফলভাবে প্রায় ৫ বর্গমিটার কৃষিজমিতে সেচকাজ চালানো হয়েছে। এ প্রক্রিয়ায় উৎপাদিত পানি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপেয় পানির মানদণ্ড পূরণ করেছে।
গবেষক দলটির মতে, দীর্ঘ মেয়াদে এই প্রযুক্তি ব্যবহার করলে খরচ অনেক কমে যাবে। পৃথিবীর যেসব অঞ্চলে তীব্র পানি সংকট রয়েছে অথচ প্রচুর সূর্যের আলো পাওয়া যায় সেসব এলাকার জন্য এই পরিবেশবান্ধব ও সাশ্রয়ী প্রযুক্তি একটি বড় আশীর্বাদ হয়ে উঠতে পারে। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
ইউ

international desk
© 2026 Daily Destiny. All rights reserved.






