পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে একটি কোচিং সেন্টারের ছাদ ধসে পড়ে ১৪ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার লাহোরের খানা এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, কোচিং সেন্টারটির একতলা ভবনটির ওপর দোতলা নির্মাণের কাজ চলছিল। ঘটনার সময় একতলায় শিক্ষার্থীদের ক্লাস চলছিল। হঠাৎ নির্মাণাধীন ছাদটি ধসে পড়লে ভেতরে থাকা শিক্ষার্থীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে।

পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে জানান,দুর্ঘটনার সময় কোচিং সেন্টারটিতে ৩০ জনেরও বেশি শিক্ষার্থী উপস্থিত ছিল। ছাদ ধসের ঘটনায় প্রায় সব শিক্ষার্থীই কমবেশি আঘাত পান।

গুরুতর আহত ২০ জনকে উদ্ধার করে দ্রুত খানা তহসিল হেডকোয়ার্টার (টিএইচকিউ) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ১৪ জনকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসাধীন বাকি ৬ জনের মধ্যে ৪ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন এবং ২ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

এই অবহেলার ঘটনায় তীব্র ক্ষোভ ও ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ভবন মালিকসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজ এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন তারা।

প্রায় ২৪ কোটি জনসংখ্যার দেশ পাকিস্তানে ভবন বা ছাদ ধসে প্রাণহানির ঘটনা নতুন নয়। মূলত নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, ত্রুটিপূর্ণ নকশা এবং যথাযথ তদারকির অভাবই এসব দুর্ঘটনার প্রধান কারণ। এর আগে গত বছরের জুলাইয়ে সিন্ধ প্রদেশের করাচির লিয়ারি এলাকায় একটি পাঁচ তলা ভবন ধসে ২৭ জনের মৃত্যু হয়েছিল। সূত্র : জিও নিউজ

ইউ