ইরানের সাথে আলোচনায় ব্যর্থ হলেও যুক্তরাষ্ট্র শক্তিশালী অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

ছবি: সংগৃহীত
ইরানের সাথে চলমান কূটনৈতিক আলোচনার ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি স্পষ্ট করেছেন যে, আলোচনা সফল হোক বা না হোক, আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের অবস্থান ইরানের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং অটল থাকবে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স এই দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করেন। তিনি বলেন, “আমরা অবশ্যই চাই এই আলোচনা সফল হোক। কিন্তু কোনো কারণে যদি তা ভেস্তে যায়, তবুও ইরানের তুলনায় আমাদের অবস্থান অনেক বেশি শক্তিশালী থাকবে।”
সাক্ষাৎকারে ভ্যান্স দাবি করেন, ইতিমধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি হরমুজ প্রণালি নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন। ভ্যান্স বলেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত স্পষ্টভাবে বার্তা দিয়েছেন যে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর ইরান যদি কোনো ধরনের হামলা চালায়, তবে তার জবাব যুক্তরাষ্ট্র সরাসরি সামরিকভাবে দেবে।”
ইরানের সাথে চলমান এই আলোচনার মাধ্যমে একটি দীর্ঘমেয়াদি ও টেকসই সমঝোতা স্থাপনের প্রত্যাশা ব্যক্ত করেন ভ্যান্স। তিনি বিশ্বাস করেন, এই প্রক্রিয়ার মাধ্যমে ইরান স্থায়ীভাবে ইতিবাচক পরিবর্তনের পথে আসবে।
এর আগে ভাইস প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন যে, হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ চলাচল এখন যুদ্ধ-পূর্ব স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে। বর্তমানে উভয় পক্ষের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে। ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বিভিন্ন দাবি তোলা হলেও যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব অবস্থান ও আঞ্চলিক স্বার্থের বিষয়ে কোনো আপস করবে না বলে ভ্যান্স ইঙ্গিত দিয়েছেন।
জেএস

international desk
© 2026 Daily Destiny. All rights reserved.






