ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৪ দিন পর ধ্বংসস্তূপ থেকে বাবা-ছেলে জীবিত উদ্ধার

ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে চার দিন পর জীবিত উদ্ধার হয়েছেন এক বাবা ও তার ছেলে।
রোববার (২৮ জুন) দীর্ঘ প্রায় ১২ ঘণ্টার উদ্ধার অভিযানের পর তাদের বের করে আনে উদ্ধারকারী দল। এ তথ্য জানিয়েছে রয়টার্স।
উদ্ধার অভিযানে অংশ নেয় ফ্রান্সের বেসামরিক নিরাপত্তা বাহিনী এবং যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টি আরবান সার্চ অ্যান্ড রেসকিউ দলের সদস্যরা। আধুনিক সার্চ ক্যামেরার সাহায্যে ধ্বংসস্তূপের নিচে তাদের অবস্থান শনাক্ত করা হয়।
উদ্ধারকারীরা জানান, চার দিন ধরে আটকে থাকায় বাবা-ছেলে দুজনই অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। উদ্ধারকালে তাদের শরীরে পানিশূন্যতা দূর করতে স্যালাইন দেওয়া হয়।
উল্লেখ্য, গত বুধবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত উপকূলীয় রাজ্য লা গুয়াইরা। এতে অন্তত ১ হাজার ৪৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।
এ পর্যন্ত অন্তত ৩৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ধ্বংসস্তূপের নিচে জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা ক্রমেই কমে আসছে।
এজেএ

international desk
© 2026 Daily Destiny. All rights reserved.






