অভিনেত্রী প্রিয়াঙ্কা জামানের ঘরে এলো ‘মারিয়াম’

ছবি: সংগৃহীত
শোবিজ অঙ্গনে আনন্দের জোয়ার। অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান ও টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাকিবুল হাসান দম্পতির ঘর আলো করে এসেছে তাদের প্রথম সন্তান—এক ফুটফুটে কন্যাসন্তান। মা ও নবজাতক দুজনেই বর্তমানে সুস্থ আছেন।
চলতি বছরের জানুয়ারিতে নিজের জন্মদিনের প্রাক্কালে মা হতে যাওয়ার বার্তা দিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন প্রিয়াঙ্কা। জুলাই মাসে নতুন অতিথির আগমনের যে পূর্বাভাস চিকিৎসকরা দিয়েছিলেন, তা-ই সত্যি হলো। সিজারের মাধ্যমে পৃথিবীর আলো দেখল এই নবজাতক।
সন্তান জন্মের আগেই এক দারুণ পরিকল্পনা করে রেখেছিলেন এই দম্পতি। প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, ছেলে হলে নাম রাখবেন ‘আফফান বিন রাকিব’, আর কন্যা হলে নাম হবে ‘মারিয়াম বিনতে রাকিব’। সেই পরিকল্পনা অনুযায়ী, নবজাতকের নাম রাখা হয়েছে মারিয়াম বিনতে রাকিব।
সন্তানের জন্মের পরপরই প্রিয়াঙ্কার স্বামী রাকিবুল হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ দোয়া পোস্ট করেন। কন্যাসন্তানের জন্মের পর কৃতজ্ঞতা প্রকাশের এই বরকতময় বার্তাটি মুহূর্তেই ভাইরাল হয়। ভক্ত-অনুরাগীরা কমেন্টবক্স ভরিয়ে দিচ্ছেন অভিনন্দন ও ভালোবাসায়।
গত বছরের নভেম্বরে পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রিয়াঙ্কা ও রাকিবুল। বিয়ের আগে ‘ ধার্মিক জীবনসঙ্গী’ চাওয়ার কথা বলে আলোচনায় এসেছিলেন অভিনেত্রী। বিয়ের পর স্বামী রাকিবুল হাসানের নিয়মিত নামাজ আদায় ও সংসার জীবনের মাধুর্য নিয়ে বেশ কয়েকবার নিজের তৃপ্তির কথা জানিয়েছিলেন তিনি। সেই সুখী সংসারে এবার কন্যা সন্তানের আগমন যেন পূর্ণতা এনে দিল।
জেএস

Entertainment Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.






