বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণ এবং প্রশ্নপত্রে ভুলের ঘটনায় সৃষ্ট বিতর্কের জেরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হকের পদত্যাগের দাবিতে সরকারকে দ্বিতীয় দফায় আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায়ে বুধবার (১৫ জুলাই) রাত ১০টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তারা।

এই সময়ের মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে আগামীকাল বৃহস্পতিবার থেকে ফের কঠোর কর্মসূচির ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। কর্মসূচির মধ্যে রয়েছে—সকালে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান এবং সেখান থেকে সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’।

বুধবার রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর শাহবাগ মোড় থেকে এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। এর আগে সন্ধ্যা ৬টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে রাখলে চারপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। জনদুর্ভোগ এড়াতে পরবর্তীতে শিক্ষার্থীরা শাহবাগ এলাকা ছেড়ে যান।

আন্দোলনকারীদের পক্ষে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ বলেন, “জনগণের ভোগান্তি আমাদের কাম্য নয়, তাই আজকের মতো রাজপথের কর্মসূচি স্থগিত করছি। কিন্তু দাবি একটাই—শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আজ রাত ১০টার মধ্যে পদত্যাগ না করলে কাল সকাল ১০টায় সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে ‘লংমার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করা হবে।”

আরেক আন্দোলনকারী শিক্ষার্থী জুনায়েদ জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করা হবে এবং সেখান থেকে শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে অগ্রসর হবেন।

এর আগে বুধবার দুপুরে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। পরে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন তারা। বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন শিক্ষার্থীরা। সেখানে প্রায় দুই ঘণ্টা অবস্থান নিয়ে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে রওনা হন তারা।

এইচএসসি পরীক্ষা নিয়ে অব্যবস্থাপনা এবং প্রশ্নপত্রে গুরুতর ভুল নিয়ে শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরেই ক্ষোভ জানিয়ে আসছেন। তাদের অভিযোগ, বর্তমান শিক্ষামন্ত্রীর অদক্ষতার কারণে শিক্ষার্থীরা সীমাহীন দুর্ভোগের শিকার হয়েছেন, যার দায়ভার তাকেই নিতে হবে।

জেএস