অনুপস্থিত পরীক্ষার্থীদের পুনরায় সুযোগ দেয়া হবে: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত
চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় বৈরী আবহাওয়া ও অনিবার্য কারণে যেসব পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারেননি, তাদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় ভুল প্রশ্ন প্রণয়নের দায়ে অভিযুক্তদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পূর্ণ নম্বর প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ এইচএসসি পরীক্ষার গুরুত্ব বিবেচনা করে সরকার এই বিশেষ সিদ্ধান্ত নিয়েছে। প্রতিকূল আবহাওয়া বা অন্যান্য অনিবার্য কারণে যারা কোনো বিষয়ের পরীক্ষায় অংশ নিতে পারেননি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার দিন একই প্রশ্নপত্রে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত তারিখ ও সময়েই এই বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, অতিবর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলা—চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানেও বিচ্ছিন্নভাবে অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি।
পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় ভুল প্রশ্নপত্র আসার বিষয়টি গুরুত্বের সাথে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এ ঘটনার পেছনে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে ইতোমধ্যেই তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, "পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ছয় নম্বর ও সাত নম্বর প্রশ্নে ভুল ছিল। এ ভুলের কারণে কোনো শিক্ষার্থী যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য ওই প্রশ্নের পূর্ণ নম্বর পরীক্ষার্থীদের দিয়ে দেওয়া হবে।"
চলতি বছর মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছেন। সরকারের এই উদ্যোগের ফলে বিপাকে পড়া শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের অনিশ্চয়তা কাটিয়ে ওঠার সুযোগ পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
জেএস

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.










