শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

ছবি: সংগৃহীত
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষা সংস্কারে সরকারের প্রধান লক্ষ্য শিক্ষার্থীদের শেখার ফলাফল (লার্নিং আউটকাম) উন্নত করা। এ লক্ষ্য অর্জনে সরকার পাঁচটি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে—কারিকুলাম, শিক্ষক, প্রশাসন, অবকাঠামো এবং প্রযুক্তি।
সোমবার (২৯ জুন) রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘জিও-এনজিও কোলাবোরেশন ডায়ালগ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকার এনজিওগুলোর সঙ্গে কার্যকর অংশীদারিত্বের ভিত্তিতে সমন্বিতভাবে কাজ করতে চায়। সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগী ও বেসরকারি সংস্থাগুলোর সম্মিলিত উদ্যোগেই শিক্ষাক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষাকে আরও আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর করতে শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষক নিয়োগ ও বদলি ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল মনিটরিং এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কার্যকর পরিবর্তন আনতে বাস্তবসম্মত, সম্প্রসারণযোগ্য ও টেকসই উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে এনজিওগুলোর মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও উদ্ভাবনী মডেল কাজে লাগাতে চায় সরকার।
তিনি জানান, প্রতিবন্ধী শিশু, প্রাক-প্রাথমিক শিক্ষা, নন-ফরমাল শিক্ষা, শহরমুখী অভিবাসী শিশু, চা-বাগান এলাকার শিশু এবং প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ সম্প্রসারণে সরকার বিভিন্ন অংশীজনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে।
অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ব্র্যাক এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এইচএমজে

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.






