বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে এবং নীতি সুদহার অপরিবর্তিত রেখে ২০২৬–২৭ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি (মনিটারি পলিসি স্টেটমেন্ট-এমপিএস) ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান আনুষ্ঠানিকভাবে নতুন মুদ্রানীতি ঘোষণা করেন। এ সময় মুদ্রানীতির বিভিন্ন দিক তুলে ধরেন ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান। এটি বর্তমান সরকারের আমলে এবং গভর্নর মো. মোস্তাকুর রহমানের দায়িত্ব গ্রহণের পর ঘোষিত প্রথম মুদ্রানীতি।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগের মধ্যে ভারসাম্য বজায় রাখাই নতুন মুদ্রানীতির মূল লক্ষ্য। এ কারণে নীতি সুদহার (রেপো রেট) আগের মতো ১০ শতাংশে বহাল রাখা হয়েছে।

নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ৬ দশমিক ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আগের মুদ্রানীতিতে জুন ২০২৬ পর্যন্ত এ লক্ষ্য ছিল ৮ শতাংশ। তবে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে ৫ শতাংশে।

এদিকে অভ্যন্তরীণ ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ দশমিক ৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক নীতি সুদহারের পাশাপাশি স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) ১১ দশমিক ৫০ শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) ৭ দশমিক ৫ শতাংশ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

মুদ্রানীতিতে সরকারের ঘোষিত সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে ৬ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যও বিবেচনায় রাখা হয়েছে।

তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, মে মাসে দেশের পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৪২ শতাংশে দাঁড়িয়েছে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ০৬ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৭১ শতাংশ।

অন্যদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক বছরে দুইবার—জানুয়ারি-জুন এবং জুলাই-ডিসেম্বর মেয়াদের জন্য—মুদ্রানীতি ঘোষণা করে। এর মাধ্যমে মুদ্রা সরবরাহ, ঋণ প্রবাহ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনার নীতিগত দিকনির্দেশনা নির্ধারণ করা হয়।

এজেএ