গভীর সমুদ্রে মাছ আহরণসহ বাংলাদেশের মৎস্য ও সামুদ্রিক অর্থনীতিতে (ব্লু ইকোনমি) দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর বড় সুযোগ দেখছে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা)।

এ লক্ষ্যে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর সহযোগিতায় ‘বাংলাদেশের মৎস্য ও সামুদ্রিক অর্থনীতিতে বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়।

সোমবার (২৯ জুন) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন মিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

সেমিনারে গভীর সমুদ্রে বাণিজ্যিক মাছ আহরণ, মেরিকালচার, চিংড়ি শিল্প এবং সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয়। এতে সরকারি নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী, মৎস্য বিশেষজ্ঞ, শিল্পোদ্যোক্তা এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীরা অংশ নেন।

বক্তারা বলেন, বাংলাদেশের বিশাল সামুদ্রিক সম্পদ থাকা সত্ত্বেও গভীর সমুদ্রে বাণিজ্যিক মাছ আহরণ, আধুনিক চিংড়ি উৎপাদন, মূল্য সংযোজন এবং সি-ফুড প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ এখনও সীমিত। এসব খাতে শিল্পভিত্তিক মাছ ধরার নৌবহর, অফশোর কার্যক্রম, ল্যান্ডিং ও লজিস্টিকস ব্যবস্থা, কোল্ড-চেইন অবকাঠামো এবং আধুনিক প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলার বড় সম্ভাবনা রয়েছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম। এছাড়া মিডার নির্বাহী সদস্য কমোডর তানজিম ফারুক, জাইকার মৎস্য বিশেষজ্ঞ ড. এচিগো মানাবু, এগ্রোলিংকের সায়েদ ইশতিয়াক এবং মৎস্য অধিদপ্তরের ড. মুহাম্মদ তানভীর হোসেন চৌধুরী বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত জাপানের ডেপুটি চিফ অব মিশন ও মিনিস্টার তাকাহাশি নাওকি বলেন, সম্প্রতি স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি করবে। তার মতে, মৎস্য ও সামুদ্রিক অর্থনীতি ভবিষ্যতের গুরুত্বপূর্ণ খাত হিসেবে রপ্তানি বহুমুখীকরণে ভূমিকা রাখতে পারে।

সমাপনী বক্তব্যে মিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, সামুদ্রিক অর্থনীতির সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে নীতিগত, অবকাঠামোগত ও প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা দূর করতে হবে। এজন্য সংশ্লিষ্ট সংস্থা, বিনিয়োগকারী ও উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি আরও বলেন, সম্ভাব্য বিনিয়োগকারীদের আগ্রহের ভিত্তিতে একটি বিনিয়োগ পাইপলাইন তৈরি করা হবে। পাশাপাশি চিহ্নিত নীতিগত ও নিয়ন্ত্রক বাধা দূর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।

মিডা জানায়, ভবিষ্যতে মৎস্য খাতে কারিগরি সহায়তা ও বিনিয়োগ সহজীকরণে জাইকার সঙ্গে সহযোগিতা আরও জোরদার করা হবে।

এইচএমজে