পীরগঞ্জে তিন মাসে ৮ হাজার ১২০ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

ছবি: ডেসটিনি প্রতিনিধি
কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎসাহিত করতে রংপুরের পীরগঞ্জ উপজেলায় চলতি বছরের এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত তিন মাসে মোট ৮ হাজার ১২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরকারি কৃষি উপকরণ বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বোরো আবাদ কর্মসূচির আওতায় ৪ হাজার ৬০০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি ধানবীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।
এছাড়া সরিষা চাষ সম্প্রসারণ কর্মসূচির আওতায় ২০০ জন কৃষককে জনপ্রতি ১০ গ্রাম সরিষার বীজ, ৫ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
শাকসবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার ৪০০ জন কৃষককে জনপ্রতি ৩০০ গ্রাম বিভিন্ন জাতের সবজির বীজ, ১৫ কেজি ডিএপি সার এবং ১৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।
অন্যদিকে, লেবু চাষ সম্প্রসারণ কর্মসূচির আওতায় ১০০ জন কৃষককে প্রত্যেককে ৫টি লেবুর চারা ও ৩০ কেজি জৈব সার প্রদান করা হয়েছে।
একই সময়ে ফলদ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ৮২০ জন কৃষকের প্রত্যেককে ৫টি করে চারা, ২৫ কেজি জৈব সার এবং ৫টি বাঁশের খুঁটি বিতরণ করা হয়েছে।
পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুমন সরকার বলেন, সরকারের এ কর্মসূচির মূল লক্ষ্য হলো কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করা। তিনি আরও বলেন, এ কর্মসূচির ফলে উপজেলার কৃষকরা সরাসরি উপকৃত হচ্ছেন এবং কৃষি উৎপাদন আরও বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে।
ইউ

বখতিয়ার রহমান ,পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.










