নোয়াখালীতে দুর্ধর্ষ চুরিছয়ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

ছবি: প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর এলাকার রশিদ কোম্পানীর বাড়িতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার (২২ জুলাই) রাতের কোনো এক সময়ে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬২ হাজার টাকা লুট হয়ে গেছে বলে বেগমগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে। তবে শুক্রবার বিকেল পর্যন্ত পুলিশ লুণ্ঠিত মালামাল উদ্ধার বা এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি।
বাড়ির মালিক রশিদ কোম্পানীর ছোট ছেলে লিটন রশিদ জানান, তার পরিবার ঢাকায় থাকে এবং তিনিও ঘরে তালা লাগিয়ে কিছুদিন আগে ঢাকায় চলে যান। গত বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে বাড়িতে এসে মূল দরজার তালা খুলতে গিয়ে তিনি দেখতে পান ভেতর থেকে দরজা আটকানো রয়েছে।
পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখা যায়, ঘরের আলমারি ও ওয়ার্ডরোব ভাঙা এবং কাপড়চোপড়সহ বিভিন্ন আসবাবপত্র এদিক-সেদিক ছড়ানো-ছিটানো রয়েছে। আলমারিতে রাখা স্বর্ণালঙ্কার এবং ওয়ার্ডরোবে থাকা নগদ টাকা খোয়া গেছে। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্রও তছনছ করা হয়েছে। তার ধারণা, চোরের দল রান্নাঘরের পাশের স্টোর রুমের গ্রিল কেটে ঘরের ভেতর প্রবেশ করেছিল।
ঘটনাটি টের পাওয়ার পর লিটন রশিদ তাৎক্ষণিকভাবে বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুজ্জামানকে ফোনে জানান। খবর পেয়ে বিকেলের দিকে এসআই কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুজ্জামান জানান, এ ঘটনার সাথে জড়িতদের শনাক্তকরণ এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।
জেএস

গোলাম মহিউদ্দিন নসু,বিশেষ প্রতিনিধি, নোয়াখালী
© 2026 Daily Destiny. All rights reserved.








