ঝালকাঠির রাজাপুরে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

ছবি: ডেসটিনি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর উপজেলার ৬ নম্বর মঠবাড়ি ইউনিয়নের উত্তর বাঘরী এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় ব্যবসায়ী ও তার ছেলে গুরুতর আহত হয়েছেন। ডাকাত দল নগদ ১০ লাখ টাকা, প্রায় ১৫ ভরি স্বর্ণ, ১৫ ভরি রুপাসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ঝালকাঠির রাজাপুর উপজেলার ৬ নম্বর মঠবাড়ি ইউনিয়নের উত্তর বাঘরী এলাকায় ভোর রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উত্তর বাঘরী গ্রামের বাসিন্দা ব্যবসায়ী পরিমল হালদার (৬৫) পরিবারের সদস্যদের নিয়ে রাতে খাবার শেষে নিজ নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। পরিবারের অন্য সদস্যরা হলেন তার স্ত্রী আলো রানী হালদার (৫০), ছেলে পলাশ হালদার (৩৫) (সৌদি প্রবাসী, বর্তমানে দেশে অবস্থানরত), পুত্রবধূ দীপা মিস্ত্রি (৩০) এবং দুই নাতি প্রাচুর্য হালদার (১২) ও মাধুর্য হালদার (৮)।
ভুক্তভোগী দীপা মিস্ত্রি জানান, রাত আনুমানিক ১টার দিকে তিনি ও তার স্বামী যে কক্ষে ঘুমিয়ে ছিলেন, সেই কক্ষের দরজায় জোরে জোরে ধাক্কার শব্দ শুনতে পান। একপর্যায়ে পলাশ হালদার দরজা খুললে ৭ থেকে ৮ জনের একটি মুখোশধারী ডাকাত দল ঘরে ঢুকে পড়ে। তারা ধারালো রামদা দিয়ে পলাশ হালদারের মাথায় একাধিক কোপ দেয় এবং লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। দীপা মিস্ত্রির চিৎকার শুনে পাশের কক্ষ থেকে ছুটে আসেন ব্যবসায়ী পরিমল হালদার।
এ সময় ডাকাতরা তাকেও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে পরিবারের সবাইকে একটি কক্ষে আটকে রেখে আলমারি ও ওয়ারড্রবের চাবি দিতে বাধ্য করে। চাবি নিয়ে তারা ঘরের আলমারি ও ওয়ারড্রব খুলে নগদ ১০ লাখ টাকা, প্রায় ১৫ ভরি স্বর্ণ, ১৫ ভরি রুপা, ৪টি বিদেশি টর্চলাইট, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি বাটন মোবাইল ফোন লুট করে নেয়।
পরিবারের সদস্যরা জানান, ডাকাতরা ঘরের পেছনের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রায় দেড় ঘণ্টা ধরে লুটপাট চালিয়ে রাত আনুমানিক ২টা ২০ মিনিটে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত পরিমল হালদার ও পলাশ হালদারকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ কামাল বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটির তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ডাকাতদের গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।
ইউ

এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.












