চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের পোশাক কারখানার আগুন

ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী ইপিজেডের ‘অনন্ত অ্যাপারেলস লিমিটেড’ নামক পোশাক কারখানায় লাগা ভয়াবহ আগুন দীর্ঘ চার ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।
বুধবার (১৫জুলাই) ভোর ৪টা ১০ মিনিটে কারখানার স্টোর রুমে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়লে পুরো ইপিজেড এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট।
ফায়ার সার্ভিসের ঢাকা ডিভিশনের উপ-পরিচালক ছালেহ উদ্দিন জানান, আগুনের তীব্রতা বেশি হওয়ায় শুরুতে ইপিজেডের নিজস্ব অগ্নিনির্বাপক বাহিনী কাজ শুরু করে। পরে পরিস্থিতি সামাল দিতে নারায়ণগঞ্জ ও কাঁচপুরসহ বিভিন্ন স্টেশন থেকে মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এর মধ্যে ৯টি ইউনিটের টানা চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন এই কর্মকর্তা জানান, কারখানাটির স্টোর রুমে প্রচুর পরিমাণ কাপড় মজুদ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে। বর্তমানে আগুনের বড় কোনো ঝুঁকি নেই, তবে কিছু স্থানে ছোট আকারে আগুন জ্বলছে যা নির্বাপণের কাজ চলছে।
সৌভাগ্যবশত এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের সঠিক সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ বা ফায়ার সার্ভিস। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে বলে জানানো হয়েছে।
জেএস

নারায়নগঞ্জ প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.










