পাহাড়ধসে বান্দরবান ও কক্সবাজারে ৭ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত
টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট পাহাড়ধসে বান্দরবানের লামা এবং কক্সবাজারের চকরিয়ায় মোট সাতজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাতে পৃথক এ দুটি মর্মান্তিক ঘটনা ঘটে।
লামায় একই পরিবারের ৩ জনসহ ৫ জনের মৃত্যু
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া (পাগলির ঝিরি) এলাকায় পাহাড়ধসে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা হলেন— মো. ইউনুস (৪০), তার স্ত্রী রানু আক্তার (৩৫), তাদের শিশু সন্তান মো. সোলেমান (৫), এবং অন্য এক দম্পতি মো. জুয়েল (৩৪) ও কুলছুমা আক্তার (২৫)।
স্থানীয়রা জানান, ভোরের দিকে ভারী বৃষ্টির সময় পাহাড় ধসে পড়লে মাটিচাপা পড়েন তারা। আর্তনাদ শুনে স্থানীয়রা এগিয়ে এলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে মরদেহগুলো উদ্ধার করে। পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে।
অন্যদিকে, কক্সবাজারের চকরিয়া উপজেলার মছনিয়াকাটা এলাকায় পাহাড়ধসে এক মা ও তার দুই সন্তান মাটির নিচে চাপা পড়েন। এতে দুই শিশুর মৃত্যু হয়েছে। আহত অবস্থায় মা-কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত শিশুদের নাম-পরিচয় পাওয়া যায়নি। চকরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানান, উদ্ধার তৎপরতা চালানো হয়েছে এবং আহত মায়ের চিকিৎসা চলছে।
টানা বর্ষণের কারণে দুই উপজেলাতেই বিদ্যুৎ ও নেটওয়ার্ক ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে, যার ফলে স্থানীয়দের স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে পড়েছে। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করা হলেও, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উদ্ধারকাজ ও ত্রাণ তৎপরতা ব্যাহত হচ্ছে।
প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা সাধারণ মানুষকে পাহাড়ের ঢাল থেকে দূরে থাকার জন্য আবারও সতর্ক করেছেন।
জেএস

কক্সবাজার প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.










