সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু

ছবি: সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছেন।
রোববার (৫ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গোয়াইনঘাট উপজেলার নয়াবস্তি এলাকার মহরম মিয়ার ছেলে সাকিব (১৬), ছৈলাখেল অষ্টম খণ্ড এলাকার হবি মিয়ার ছেলে রায়হান (১৬) এবং লাখেরপাড় এলাকার রাজ্জাকের ছেলে জয় (১৬)। তারা তিনজনই জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুর পোনে ১টার দিকে তিন বন্ধু মোটরসাইকেলযোগে রাধানগর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাকিব নিহত হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় রায়হান ও জয়কে উদ্ধার করে প্রথমে সিলেটের নুরজাহান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে রায়হানের মৃত্যু হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য জয়কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রাত ৯টার দিকে সেও মারা যায়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে একজনের মৃত্যুর পর চিকিৎসাধীন অবস্থায় অপর দুইজন কিশোরের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জেএস

Sylhet Correspondent
© 2026 Daily Destiny. All rights reserved.





