গণতন্ত্রকে শক্তিশালী করতে মিডিয়ার স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা জরুরি: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত
বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "মিডিয়া যদি শক্ত হয়, এদেশের গণতন্ত্র শক্ত হয়। গণতন্ত্রের সাফল্য নির্ভর করে মিডিয়ার সাফল্যের ওপর।"
শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন এবং তাদের সমালোচনা করা সাংবাদিকদের উপযুক্ত কাজ। তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, "আপনারা সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। যারা খারাপ কাজ করবে তাদের বিরুদ্ধে লিখবেন, আর যারা ভালো কাজ করবে তাদের বাহবা দেবেন।" তিনি আরও উল্লেখ করেন, অনেক সময় সত্য ঘটনা প্রকাশ করলে সাংবাদিকরা নিগৃহীত হন, যা অত্যন্ত দুঃখজনক।
এলজিআরডি মন্ত্রী জানান, নির্বাচনের আগে দেওয়া ওয়াদা পূরণে সরকার কাজ করছে। ইতিমধ্যে দুটি উপজেলার প্রশাসনিক অনুমোদন ও দায়িত্ব বণ্টন সম্পন্ন হয়েছে। তিনি বলেন, কেবল অবকাঠামো নির্মাণই যথেষ্ট নয়, নতুন উপজেলাগুলোতে যেন সঠিক নেতৃত্ব ও কর্মীরা কাজ করতে পারেন, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
মোলানী এলাকায় একটি প্রতিবন্ধী এতিমখানা পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী জানান, সেখানে প্রায় সাড়ে ৫০০ প্রতিবন্ধীকে লালন করা হয়। গত ১৫ বছর রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই এতিমখানায় সরকারি সব সহায়তা বন্ধ ছিল, যার ফলে প্রতিষ্ঠানটির ভবনগুলো জীর্ণ অবস্থায় রয়েছে। তিনি অতি দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস দেন।
তরুণ প্রজন্মের প্রতি গুরুত্বারোপ করে মির্জা ফখরুল বলেন, দেশকে মাদকমুক্ত করতে হবে। মাদকের কারণে যুবসমাজের জীবন ও ভাগ্য নষ্ট হচ্ছে, সেখান থেকে তাদের বের করে আনার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেএস

ঠাকুরগাঁও প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.






