ময়মনসিংহ নগরীতে এইচএসসি পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে তিশা সরকার (১৮) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ভোর ৬টার দিকে নগরীর কাচিঝুলী মসজিদ রোড এলাকার একটি বহুতল ভবনে এ ঘটনা ঘটে।

নিহত তিশা সরকার ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি জেলার তারাকান্দা উপজেলার মধ্যবাজার এলাকার বাসিন্দা উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে। উচ্চশিক্ষার প্রস্তুতির জন্য গত দুই বছর ধরে কাচিঝুলী এলাকার একটি ছাত্রী মেসে থেকে পড়াশোনা করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এর কয়েক ঘণ্টা আগে তিশাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে পরীক্ষা-সংক্রান্ত মানসিক চাপ, ব্যক্তিগত কারণ বা অন্য কোনো বিষয় এর সঙ্গে জড়িত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সূত্র: অর্থনীতি সংবাদ

ইউ