রাজধানীর কদমতলীতে একটি বাসায় অভিযান চালিয়ে জাল নোট তৈরির সরঞ্জামসহ বিপুল পরিমাণ জাল টাকা জব্দ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ সময় জাল নোট তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. শাহাব উদ্দিন (৪৩) ও হাজেরা আক্তার ঋতু (৩০)।
ডিএমপি জানায়, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কদমতলী থানার পলাশপুর গ্যাস রোডের ৫ নম্বর গলির একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। অভিযানের সময় ওই বাসায় জাল নোট তৈরির কাজ চলছিল বলে দাবি পুলিশের। সেখান থেকেই দুইজনকে আটক করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ২ লাখ ৫৮ হাজার টাকার জাল নোট, একটি ল্যাপটপ, একটি রঙিন প্রিন্টার, বিশেষ ডাইস, বিশেষ ধরনের রং, সিকিউরিটি থ্রেডযুক্ত কাগজসহ জাল নোট তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সিটিটিসির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা কয়েক বছর ধরে ওই বাসা ভাড়া নিয়ে জাল নোট তৈরি করার কথা স্বীকার করেছেন। পরে নিজেদের সহযোগীদের মাধ্যমে ঢাকা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার জনবহুল হাট-বাজার ও শপিংমলে এসব জাল নোট ছড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ডিএমপি আরও জানায়, চক্রটির মূলহোতা হিসেবে অভিযুক্ত শাহাব উদ্দিনের বিরুদ্ধে রমনা, তেজগাঁও ও মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে আগের পাঁচটি মামলা রয়েছে।
এ ঘটনায় কদমতলী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি জাল নোট তৈরির সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।