আগামী ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার পূর্বঘোষিত কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। ফলে ওইদিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন স্বাভাবিকভাবে খোলা থাকবে।
সোমবার রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ ঘোষণা দেন।
সংগঠনটির পরিচালক সৈয়দ সাদাত আহমেদ বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ৩০ জুলাইয়ের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে আগামী ২২ আগস্টের মধ্যে সরকার তাদের দাবি-দাওয়া মেনে নেবে বলে তারা আশা করছেন।
তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ২৩ আগস্ট থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন বন্ধের সিদ্ধান্ত বহাল থাকবে।
এর আগে কমিশন বৃদ্ধি ও অন্যান্য দাবি আদায়ে ৩০ জুলাই সারাদেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার কর্মসূচি ঘোষণা করেছিল সংগঠনটি।
সংগঠনটির চার দফা দাবি
প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন ৮ টাকা থেকে বাড়িয়ে ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ।
ভবিষ্যতে জ্বালানির দাম বাড়লে স্বয়ংক্রিয়ভাবে কমিশন সমন্বয়ের ব্যবস্থা চালু করা।
গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে পুরোনো গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত জামানত নেওয়ার প্রথা বাতিল।
সড়ক ও জনপথ বিভাগের ভূমি ইজারাসহ বিভিন্ন সরকারি সংস্থার লাইসেন্স ও নবায়ন ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণ।