বিশ্বকাপ ফাইনালের মাত্র ২৪ ঘণ্টা আগে বড় ধরণের বিপাকে পড়ল স্পেন। শনিবার নিউ জার্সিতে বৈরী আবহাওয়ার কারণে দলটির নির্ধারিত শেষ অনুশীলন বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে, প্রায় একই এলাকায় অবস্থান করেও প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে অনুশীলন সম্পন্ন করেছে আর্জেন্টিনা।

অনুশীলন বঞ্চিত স্পেন

মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে’র তথ্যমতে, শনিবার বিকেলে নিউ জার্সির মেলানি লেন ট্রেনিং গ্রাউন্ডে লুইস দে লা ফুয়েন্তের দলের অনুশীলনের সূচি ছিল। কিন্তু প্রবল বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস থাকায় নিরাপত্তার স্বার্থে প্রথমে অনুশীলন স্থগিত এবং পরে তা পুরোপুরি বাতিল করা হয়। বিশ্বকাপের মতো মহাযজ্ঞের ফাইনালের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে না পারাটা স্পেনের জন্য বড় এক মানসিক ধাক্কা।

মেসিদের দৃঢ়তা

স্পেনের মাঠ থেকে মাত্র পাঁচ মাইল দূরে মরিসটাউনে ছিল লিওনেল মেসিদের আর্জেন্টিনা। একই আবহাওয়ার কবলে পড়ে তাদেরও প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করতে হয়েছিল। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হতেই কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা তাদের অনুশীলন সম্পন্ন করেন। আর্জেন্টিনার এই দৃঢ়তা যেন ফাইনালের আগে তাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে।

ফাইনাল নিয়ে শঙ্কা

ফাইনালের ভেন্যু মেটলাইফ স্টেডিয়ামের আশেপাশে দাবানলের ধোঁয়ার উপস্থিতিও ফুটবলপ্রেমীদের মধ্যে শঙ্কা তৈরি করেছে। আবহাওয়ার এই প্রতিকূলতা এবং ধোঁয়া ফাইনালের ম্যাচে প্রভাব ফেলবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে স্পেনের কোচিং স্টাফরা জানিয়েছেন, একটি সেশন মিস হলেও দলের আত্মবিশ্বাসে কোনো ঘাটতি নেই।

ম মহারণের অপেক্ষায় বিশ্ব

টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্যে থাকা আর্জেন্টিনা এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত। অন্যদিকে, ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে এসেছে। বাংলাদেশ সময় সোমবার (২০ জুলাই) রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফুটবল বিশ্বের এই মহারণে মুখোমুখি হবে দুই পরাশক্তি।

শেষ মুহূর্তের এই নাটকীয়তা ফাইনালের উত্তেজনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এখন দেখার পালা, মাঠের লড়াইয়ে আবহাওয়ার এই প্রভাব কতটা বজায় থাকে।

জেএস