‘আর্জেন্টিনার বিপক্ষে খেলা ভীষণ অস্বস্তিকর’বললেন স্পেনের বিশ্বকাপজয়ী কোচ

ছবি: সংগৃহীত
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা বনাম স্পেন মহারণ নিয়ে যখন ফুটবল দুনিয়া উত্তাল, তখন এই দুই দল নিয়ে নিজের বিশ্লেষণ তুলে ধরেছেন স্পেনকে ২০১০ সালে প্রথম বিশ্বকাপ জেতানো কিংবদন্তি কোচ ভিসেন্তে দেল বস্ক। ফাইনালের আগে স্পেনের সাফল্যের ওপর আস্থা রাখলেও, লিওনেল মেসির আর্জেন্টিনাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলেই মনে করছেন তিনি।
‘আর্জেন্টিনা যেকোনো দলের জন্য কঠিন প্রতিপক্ষ’
স্প্যানিশ দৈনিক ‘এল পাইস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে দেল বস্ক সরাসরি জানান, আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামাটা কোনো দলের জন্যই সুখকর নয়। তিনি বলেন, “আর্জেন্টিনার দৃঢ় মানসিকতা ও অভিজ্ঞতাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আমরা জানি তারা কতটা কঠিন ও প্রতিযোগিতামূলক মানসিকতার। তাদের বিপক্ষে খেলাটা সত্যিই ভীষণ অস্বস্তিকর।”
আর্জেন্টিনার লড়াকু মানসিকতার উদাহরণ হিসেবে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দলটির ঘুরে দাঁড়ানোর কথা উল্লেখ করেন তিনি। দেল বস্ক বলেন, “তারা খুব ভালো করেই জানে ম্যাচ কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হয়।”
স্পেনের ফুটবলে গর্বিত দেল বস্ক
তবে নিজের প্রিয় দল স্পেনের বর্তমান পারফরম্যান্সে তিনি দারুণ মুগ্ধ। টুর্নামেন্টজুড়ে স্পেনের দাপুটে ফুটবলের প্রশংসা করে এই কিংবদন্তি কোচ বলেন, “আমাদের দল পুরো টুর্নামেন্টজুড়েই অসাধারণ দক্ষতা দেখিয়েছে, যা অন্য কোনো দলের মধ্যে সেভাবে দেখা যায়নি। তারা দারুণ ফুটবল খেলেছে, ম্যাচ নিয়ন্ত্রণ করেছে এবং প্রতিপক্ষকে খুব কম সুযোগ দিয়েছে। আমরা যতগুলো ম্যাচ দেখেছি, স্পেন তাদের নিজস্ব কৌশলেই প্রতিপক্ষকে ঘায়েল করেছে।”
শিরোপার লড়াইয়ে কার পাল্লা ভারী?
দেল বস্কের মতে, ফাইনালে স্পেনের শিরোপা জয়ের জোরালো সম্ভাবনা রয়েছে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, বিশ্বকাপ জিততে হলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার অসামান্য অভিজ্ঞতা এবং তাদের কঠিন প্রতিদ্বন্দ্বিতার মানসিকতার বিরুদ্ধে স্পেনকে শতভাগ প্রস্তুত থাকতে হবে।
ফাইনালে স্পেনের নিয়ন্ত্রিত ফুটবল বনাম আর্জেন্টিনার লড়াকু মানসিকতার এই দ্বৈরথ ফুটবল প্রেমীদের জন্য এক বাড়তি উত্তেজনা তৈরি করেছে। এখন দেখার পালা, মাঠের লড়াইয়ে শেষ হাসি কে হাসে।
জেএস

স্পোর্টস ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










