ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে কিছুটা অস্বস্তিতে স্পেন। দলের অন্যতম সেরা দুই অস্ত্র—তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল এবং ডিফেন্ডার পেদ্রো পোরো দলের মূল অনুশীলনে অংশ নেননি। বৃহস্পতিবার নিউ জার্সিতে স্পেনের ফাইনাল প্রস্তুতির সময় তাদের আলাদাভাবে কাজ করতে দেখা গেছে।

তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন সূত্রে জানা গেছে, এটি বড় কোনো চোটের কারণে নয়, বরং খেলোয়াড়দের ওপর ধকল কমাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাদের অনুশীলনের সূচি আলাদা রাখা হয়েছিল। কোচ লুইস দে লা ফুয়েন্তের দলের মেডিকেল স্টাফরা আশাবাদী, আগামী ১৯ জুলাইয়ের ফাইনালে দুজনেই খেলতে পারবেন।

কেন এই সতর্কতা?

মূলত সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের ধকলই ইয়ামাল ও পোরোর ওপর স্পষ্ট। বিশেষ করে রাইটব্যাক পেদ্রো পোরোর হ্যামস্ট্রিংয়ে কিছুটা সমস্যা রয়েছে বলে রয়টার্সকে নিশ্চিত করেছে ফেডারেশন। ফ্রান্সের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পেদের রুখে দেওয়ার পাশাপাশি দুর্দান্ত এক গোল করে ম্যাচসেরা হওয়া পোরো বর্তমান স্প্যানিশ একাদশের অবিচ্ছেদ্য অংশ।

অন্যদিকে, ইয়ামালের অবস্থা তুলনামূলক স্বস্তিদায়ক। ফ্রান্সের বিপক্ষে কঠিন শারীরিক লড়াইয়ের পর শরীরে ব্যথা ও আঘাতের চিহ্ন থাকায় তাকে ঝুঁকি না নিয়ে পূর্ণাঙ্গ অনুশীলনের বাইরে রাখা হয়েছে। এবারের বিশ্বকাপে স্পেনের ডান প্রান্তে ইয়ামাল ও পোরোর সমন্বয়ে তৈরি আক্রমণভাগ প্রতিপক্ষের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই ফাইনালের আগে তাদের ফিটনেস নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে কোচিং স্টাফরা।

ফাইনালের প্রস্তুতি ও আবহাওয়ার চ্যালেঞ্জ

এদিকে, নিউ জার্সির প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও আর্দ্র আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে খেলোয়াড়দের সতেজ রাখাকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে স্পেনের কোচিং স্টাফ। ফাইনালের আগের তিন দিন এই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। ইয়ামাল ও পোরো ছাড়া বাকিরা স্বাভাবিক অনুশীলনে বেশ নির্ভার ও উচ্ছ্বসিত ছিলেন।

এবারের বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে দুই শক্তিশালী দল আর্জেন্টিনা ও স্পেন। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে আগামী ১৯ জুলাই স্থানীয় সময় বিকেল ৩টায় (বাংলাদেশ সময় ২০ জুলাই রাত ১টা) শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল।

এখন দেখার বিষয়, ফাইনালের আগে ইয়ামাল ও পোরো পুরোপুরি সুস্থ হয়ে স্পেনের শিরোপা জয়ের মিশনে মাঠে নামতে পারেন কি না।

জেএস