নিলামে ৬০ কোটি টাকায় বিক্রি হলো পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি

ছবি: সংগৃহীত
ফুটবল ইতিহাসের এক অনন্য স্মারক—ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালে পরা ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি নিলামে বিক্রি হয়েছে ৪৮ লাখ ৮০ হাজার ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ কোটি ১৪ লাখ টাকা। নিউ ইয়র্কে বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান ‘সাদেবিস’ (Sotheby’s) এই নিলামের আয়োজন করে।
এটিই এখন পর্যন্ত পেলে-সম্পর্কিত সবচেয়ে দামী স্মারক হিসেবে স্বীকৃত।
ইতিহাস গড়া সেই জার্সি
মাত্র ১৭ বছর বয়সে ১৯৫৮ সালে সুইডেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে এই জার্সি পরেই মাঠে নেমেছিলেন পেলে। সেই ম্যাচে তার জোড়া গোলেই ব্রাজিল ৫-২ ব্যবধানে জয়লাভ করে প্রথমবারের মতো বিশ্বজয়ের স্বাদ পায়। এই ম্যাচটিই বিশ্ব ফুটবলে ‘ও রেই’ বা ‘রাজা’ পেলের উত্থানের মহেন্দ্রক্ষণ হিসেবে পরিচিত।
মূল্যের বিশাল ব্যবধান
নিলামের আগে জার্সিটির সম্ভাব্য মূল্য ধরা হয়েছিল ৬০ লাখ ডলার। যদিও শেষ পর্যন্ত এটি ৪৮ লাখ ৮০ হাজার ডলারে বিক্রি হয়েছে, তবুও এটি ফুটবল স্মারকের বাজারে অন্যতম শীর্ষ স্থান দখল করেছে। জার্সিটির মালিকানার ইতিহাসও বেশ চমকপ্রদ। ফাইনালের পর পেলে এটি তার সতীর্থ দিদাকে উপহার দিয়েছিলেন। পরবর্তীতে দিদা তা ব্রাজিলের একটি ক্রীড়া জাদুঘরে দান করেন। ২০০৪ সালে সেই জাদুঘর মাত্র ১ লাখ ৫ হাজার ৬০০ ডলারে জার্সিটি বিক্রি করেছিল। অর্থাৎ, গত দুই দশকে জার্সিটির মূল্য বেড়েছে প্রায় ৪৬ গুণ।
ম্যারাডোনার রেকর্ডের পেছনে
তবে ফুটবলের ইতিহাসে এটিই সবচেয়ে দামী জার্সি নয়। সর্বকালের সবচেয়ে দামী ফুটবল জার্সির রেকর্ডটি এখনও আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার দখলে। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ‘হ্যান্ড অফ গড’ ম্যাচের সেই জার্সিটি ২০২২ সালে ৯৩ লাখ ডলারে বিক্রি হয়েছিল।
সাদেবিসের গ্লোবাল হেড অব স্পোর্টস ব্রেন্ডান হকস বলেন, ‘এই জার্সি শুধু ফুটবল ইতিহাসের একটি মুহূর্ত নয়, এটি সেই মুহূর্তের প্রতীক, যেদিন পেলে বিশ্ব ক্রীড়াঙ্গনের আইকনে পরিণত হয়েছিলেন।’
জেএস

স্পোর্টস ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











