বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিতর্কিত সিদ্ধান্ত দেওয়ার পর থেকেই তীব্র তোপের মুখে পড়েছেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা ও কঠোর মন্তব্যের মুখে শেষ পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দিতে বাধ্য হয়েছেন তিনি।

ম্যাচটিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২-০ গোলে পিছিয়ে পড়ার পরও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয়। তবে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ম্যাচের দ্বিতীয়ার্ধের একটি ঘটনা। এ সময় মিশরের একটি গোল ভিএআর (VAR) পর্যালোচনার পর ফাউলের অজুহাতে বাতিল করেন রেফারি। এই সিদ্ধান্তটিকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া সিদ্ধান্ত হিসেবে দেখছেন মিশরীয় সমর্থক ও সংশ্লিষ্টরা।

ম্যাচ শেষের বাঁশি বাজার পরপরই মাঠে ক্ষোভ প্রকাশ করেন মিশরীয় খেলোয়াড় ও কোচিং স্টাফরা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের সমালোচনার শিকার হন লেতেক্সিয়ের। ফুটবল সাংবাদিক মিকি জুনিয়রের তথ্যমতে, শুরুতে মন্তব্যের সুযোগ সীমিত (লিমিটেড কমেন্ট) করেও রক্ষা পাননি এই রেফারি। পরিস্থিতি সামাল দিতে না পেরে অবশেষে তিনি তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিই বন্ধ করে দেন।

এদিকে মাঠের ঘটনার রেশ শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ থাকেনি। মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (EFA) বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছে। অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের ও তার সহকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছেন।

পাশাপাশি, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে লেতেক্সিয়েরকে যেন কোনো দায়িত্ব দেওয়া না হয়, সেই দাবিও জানিয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। তবে এ বিষয়ে ফিফার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জেএস