বিশ্বকাপ ফুটবলের নকআউট ম্যাচে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে দীর্ঘ ৮৮ বছর পর শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। তবে ম্যাচ ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সুইস মিডফিল্ডার ফাবিয়ান রিডারের অবিশ্বাস্য এক গোল মিস। অনেকের মতে, এটি বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বাজে গোল মিসের ঘটনা।

ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচটির শেষদিকে সুইজারল্যান্ড তখন ২-০ গোলে এগিয়ে থেকে জয়ের খুব কাছে। ঠিক এমন সময় বক্সের ভেতর বল নিয়ে এগিয়ে আসেন ২২ নম্বর জার্সিধারী সুইস মিডফিল্ডার ফাবিয়ান রিডার। সামনে কোনো আলজেরিয়ান ডিফেন্ডার কিংবা গোলরক্ষক ছিলেন না, অর্থাৎ গোলপোস্টটি ছিল সম্পূর্ণ ফাঁকা। বলটি জালে জড়ানো ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রিডার বলটি আলতো টোকায় সরাসরি আলজেরিয়ান গোলরক্ষক লুকা জিদানের হাতে তুলে দেন।

রিডারের এই অবিশ্বাস্য মিসের ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফুটবলপ্রেমীদের বড় একটি অংশ এটিকে বিশ্বকাপ ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ’ সুযোগ নষ্ট হিসেবে আখ্যা দিচ্ছেন। জোনাথন ও’ব্রেইন নামে এক দর্শক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “ফাবিয়ান রিডারের এই মিসটা কি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ? অন্তত এ ধরনের আলোচনার শীর্ষে এটিকে রাখতেই হবে।”

এই মিস বাদেও ম্যাচটি সুইজারল্যান্ডের জন্য ছিল ঐতিহাসিক। এই জয়ের ফলে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে দলটি। নকআউট পর্বে ৮৮ বছর পর জয় পাওয়া সুইজারল্যান্ড পরবর্তী রাউন্ডে কার মুখোমুখি হবে, তা নির্ধারিত হবে আগামীকাল সকালে কলম্বিয়া ও ঘানার মধ্যকার ম্যাচের ফলাফলের মাধ্যমে।

ম্যাচটিতে গোল মিসের ঘটনাটি বেশ হাস্যরসের জন্ম দিলেও, সুইজারল্যান্ডের জয় এবং পরবর্তী রাউন্ডে যাওয়ার উল্লাসই এখন প্রধান আলোচনার বিষয়।

জেএস