চলতি ফুটবল বিশ্বকাপে আবারও আলোচনায় ঘানার বিতর্কিত তান্ত্রিক নানা কওয়াকু বোনসাম। গ্রুপ পর্বে ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার হ্যারি কেইনের ওপর ‘অভিশাপ’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেওয়া এই তান্ত্রিক এবার নজর দিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ওপর। তার দাবি, আসন্ন রাউন্ড অব থার্টি টুর ম্যাচে কেপ ভার্দের কাছে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

শনিবার (০৪ জুলাই) মায়ামিতে আর্জেন্টিনা ও কেপ ভার্দে মুখোমুখি হবে। গ্রুপ পর্বের সব ম্যাচে দাপুটে জয় তুলে নেওয়া আর্জেন্টিনাকে এই ম্যাচে হারানো অসম্ভব মনে হলেও, তান্ত্রিক বোনসাম বেশ আত্মবিশ্বাসী। তিনি ঘোষণা দিয়েছেন, ‘শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।’ তার এই মন্তব্য ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও বিতর্কের জন্ম দিয়েছে।

এর আগে বিশ্বকাপের গ্রুপ পর্বে ঘানার মুখোমুখি হওয়ার আগে হ্যারি কেইনের ওপর কাজ করার দাবি করেছিলেন এই তান্ত্রিক। তখন তিনি বলেছিলেন, ঘানাকে জেতানোর জন্য যতটুকু করা প্রয়োজন তিনি ততটুকুই করবেন। সেই ম্যাচটি শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয়েছিল। পরে অবশ্য বোনসাম দাবি করেন, তিনি কেইনকে ‘মুক্ত’ করে দিয়েছেন এবং পরের ম্যাচেই কেইন গোল পাবেন। আশ্চর্যজনকভাবে, পরের ম্যাচে পানামার বিপক্ষে ইংল্যান্ডের ২-০ ব্যবধানের জয়ে কেইন গোল পাওয়ায় বিশ্বজুড়ে তাকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার মতো শক্তিশালী দলকে নিয়ে করা তান্ত্রিক বোনসামের এই ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হবে, তা দেখার অপেক্ষায় আছেন বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত। মাঠের লড়াইয়ে কি বর্তমান চ্যাম্পিয়নরা নিজেদের আধিপত্য ধরে রাখতে পারবে, নাকি তান্ত্রিকের দাবি অনুযায়ী অঘটন ঘটবে—সেই উত্তরের অপেক্ষায় এখন ফুটবল বিশ্ব।

জেএস