দেশের সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: জামায়াত সেক্রেটারী

ছবি: সংগৃহীত
দেশের রাজনীতি, অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যসহ সবকিছুর নিয়ন্ত্রণ প্রতিবেশী দেশ ভারতের (দিল্লি) হাতে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেন, দেশের যাবতীয় রাজনৈতিক গন্ডগোল ও জুলুম-পীড়নের নেপথ্যে দিল্লির ভূমিকা রয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত দলের সদস্য (রুকন) সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দিল্লির ভূমিকার কঠোর সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, ‘আন্তর্জাতিক রীতি ও বন্দিবিনিময় আইন লঙ্ঘন করে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে (শেখ হাসিনা) সেখানে প্রযুক্তিগত সুযোগ-সুবিধাসহ আরাম-আয়েশে রাখা হচ্ছে। আমরা প্রতিবেশীদের সঙ্গে দেশের স্বার্থ রক্ষা করে ন্যায্য সম্পর্ক চাই। কিন্তু দেশের জাতীয় স্বার্থের পরিপন্থি কোনো পদক্ষেপ এ দেশের জনগণ মেনে নেবে না।’
শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে জামায়াত নেতা বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। সরকার ও আইন অনুযায়ী কর্তৃপক্ষই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা এ দায়িত্ব সরকারের ওপর ছেড়ে দিয়েছি।’
বিএনপির উদ্দেশে কঠোর বার্তা
রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে বিএনপিকে উদ্দেশ করে গোলাম পরওয়ার বলেন, ‘বিএনপি এখন সংস্কার চায় না, তারা চায় শুধুই সংশোধন। অথচ তাদের ৩১ দফার এক নম্বর দফাতেই ছিল—ক্ষমতায় গেলে সংবিধান সংস্কারের জন্য কমিশন গঠন করা হবে। এখন তারা সেই অঙ্গীকার থেকে সরে দাঁড়িয়েছে।’
তিনি আরও বলেন, ‘দেশকে সংঘাতের দিকে না ঠেলে বিএনপির উচিত দ্রুত সংসদে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের জন্য অনুষ্ঠিত গণভোটের রায় মেনে তা কার্যকর করা। সংবিধান সংস্কার করলেই সব সংকটের সমাধান হবে, তা না হলে রাজপথে নামা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই।’
সরকারের ব্যর্থতা ও জনদুর্ভোগ
বর্তমান পরিস্থিতির সমালোচনা করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ‘নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত কয়েক মাসে দেশে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। হত্যা, নির্যাতন ও শিশু ধর্ষণের মতো ঘটনা বাড়ছে। এছাড়া বন্যার্ত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণসামগ্রী পৌঁছাচ্ছে না এবং তাদের পুনর্বাসনে সরকারি কোনো কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়।’
জুলাই বিপ্লবের চেতনা নিয়ে তিনি বলেন, ‘ফ্যাসিবাদী শক্তিকে এ দেশের মানুষ আর কখনো বরদাস্ত করবে না। র্যাব, পুলিশ ও আধিপত্যবাদী শক্তির রক্তচক্ষু উপেক্ষা করে জনগণই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিল। তবে তাদের দোসররা এখনও দেশে সক্রিয়, যারা বিভিন্ন হুমকি-ধমকি দিচ্ছে।’
সম্মেলন শেষে গোলাম পরওয়ার দেশের বিদ্যমান সংকট নিরসন এবং জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় দলের নেতাকর্মীদের ধৈর্য ও সাহসিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
জেএস

নরসিংদী প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










