চট্টগ্রামের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন জামায়াত আমির

ছবি: সংগৃহীত
চট্টগ্রামটানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও ভূমিধসে বিপর্যস্ত চট্টগ্রামের জনজীবন। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য আজ শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম সফরে আসবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টার ফ্লাইটে ডা. শফিকুর রহমান চট্টগ্রামে পৌঁছাবেন। সফরের শুরুতেই তিনি বাঁশখালী উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনে যাবেন। এরপর তিনি চট্টগ্রাম নগরের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ঘুরে দেখবেন এবং দুর্গত পরিবারের সদস্যদের খোঁজখবর নেবেন।
সফরকালে ডা. শফিকুর রহমান স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জামায়াতের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি বর্তমান দুর্যোগের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে নির্দেশনা দিবেন।
উল্লেখ্য, গত কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম মহানগরসহ সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে বহু মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন এবং বেশ কিছু ভূমিধসের ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন শেষে আজ বিকেলেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
জেএস

চট্টগ্রাম ব্যুরো
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










