হাসনাতকে নিয়ে অপপ্রচারের অভিযোগ বসুন্ধরা গ্রুপের মিডিয়ার বিরুদ্ধে

ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া লিমিটেডের সংবাদমাধ্যমগুলো ক্রমাগত মিথ্যাচার করছে বলে অভিযোগ তুলেছে এনসিপি।
শুক্রবার (৩ জুলাই) দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযোগ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান এবং বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম জুলাই গণ-অভ্যুত্থান এবং এর নেতাদের নিয়ে নিয়মিত প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এনসিপির ভাষ্যমতে:
সাংবাদিকতার স্বীকৃত মানদণ্ড উপেক্ষা করে কোনো প্রমাণ ছাড়াই গণ-অভ্যুত্থানের নেতৃত্বের চরিত্রহনন করা হচ্ছে।
সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ জাতীয় সংসদে আওয়ামী লীগের পক্ষে সংবাদমাধ্যমগুলোর অবস্থান এবং ব্যবসায়ী গোষ্ঠী কর্তৃক অর্থ পাচারের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পর এই অপপ্রচার আরও জোরদার হয়েছে।
তথ্যপ্রমাণ ছাড়া সংবাদ প্রকাশের কারণে এসব গণমাধ্যমের ওপর থেকে সাধারণ পাঠক ও দর্শকদের আস্থা অনেকাংশে কমে গেছে।
এনসিপি বিজ্ঞপ্তিতে আরও জানায়, জুলাই গণ-অভ্যুত্থান ও শেখ হাসিনার ভারতে পলায়নের পর সংবাদমাধ্যমগুলোকে নিজেদের সংস্কারের সুযোগ দেওয়া হলেও তারা তেমন কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। জুলাইয়ে ছাত্র-জনতা হত্যার সময় কিছু সংবাদমাধ্যম খুনিদের পক্ষ নিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত তারা ভুল স্বীকার বা কোনো প্রকার অনুশোচনা প্রকাশ করেনি। উল্টো এখনো অনেকে ফ্যাসিবাদী বয়ান প্রচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দলটি দাবি করেছে।
উদ্ভূত পরিস্থিতিতে পাঠক ও দর্শকদের আস্থা পুনরুদ্ধারে সংবাদমাধ্যমগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি। একই সঙ্গে দলটির পক্ষ থেকে নিম্নোক্ত দাবিগুলো জানানো হয়েছে:
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগের পক্ষে সাফাই গাওয়া ব্যক্তিদের টক-শোতে সঞ্চালক বা আলোচক হিসেবে আমন্ত্রণ না জানানো।
সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা।
জেএস

ডেসটিনি প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।






