জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য খুলে দিতে হবে। অন্যথায় জনগণ নিজেরাই সেখানে প্রবেশ করবে বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত ও বিচারকাজ প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না। তিনি এসব মামলার দ্রুত তদন্ত ও বিচার সম্পন্ন করার দাবি জানান। একই সঙ্গে ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার আহ্বান জানান।

এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে চলমান মামলার বিচার কার্যকর করার দাবিও জানান।

তিনি বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন করলেই হবে না; গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে জুলাই সনদ ও গণভোটের সিদ্ধান্ত কার্যকর করতে হবে। পাশাপাশি রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী সামনে থাকলেও সরকার এখনো আনুষ্ঠানিক কোনো কর্মসূচি ঘোষণা করেনি। সরকার দ্রুত এ বিষয়ে কর্মসূচি ঘোষণা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় ১৪ দলীয় নেতা হাসানুল হক ইনুর সাম্প্রতিক দণ্ডের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, ইনু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী ছিলেন। তার বিরুদ্ধে ঘোষিত ১০ বছরের সাজা যথেষ্ট নয় বলে মন্তব্য করে তিনি উচ্চ আদালতে আপিলের মাধ্যমে আরও কঠোর শাস্তির প্রত্যাশা ব্যক্ত করেন।

ইউ