নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, বিজয়ীদের হাতে তুলে দেবেন পুরস্ক

ছাব: সংগৃহীত
দেশজুড়ে কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫–২৬’ এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে তিনি উপস্থিত হন। প্রধানমন্ত্রীর আগমনের ঘোষণা দেওয়া হলে স্টেডিয়ামে উপস্থিত হাজারো শিশু-কিশোর করতালির মাধ্যমে তাকে স্বাগত জানায়।
সমাপনী দিনে বালক ও বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে।
বিকেল ৩টায় অনুষ্ঠিত বালকদের ফুটবল ফাইনালে সিলেট অঞ্চল ২-০ গোলে ময়মনসিংহ অঞ্চলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে বালিকাদের ফুটবল ফাইনালে মুখোমুখি হয় রাজশাহী ও রংপুর অঞ্চল।
অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী প্রথমে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোরদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে কিছু সময় ভিআইপি গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন এবং মাঠের পাশ থেকেও খেলা দেখেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ এবং নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫–২৬’-এর উদ্বোধন করা হয়।
আয়োজকদের তথ্যমতে, প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ে জেলা ও উপজেলা পর্যায় থেকে প্রায় ১ লাখ ৭০ হাজার ক্ষুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। সেখান থেকে বাছাই হওয়া প্রতিযোগীরা রাজধানীর বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত জাতীয় পর্বে অংশগ্রহণ করে।
এবারের আয়োজনে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার এবং মার্শাল আর্ট—এই আটটি ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল।
অনুষ্ঠিতব্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

ডেসটিনি প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










