প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত
বিগত ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে প্রকাশ্যে কাজ করেছেন প্রশাসনের এমন কর্মকর্তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা নিয়েছে সরকার।
মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী দোসর হিসেবে কাজ করা কর্মকর্তাদের খুঁজে বের করতে সরকারের বিভিন্ন তদন্ত সংস্থা ইতোমধ্যে কাজ শুরু করেছে।
গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিমের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, মাঠ পর্যায়ে কোনো কর্মকর্তার নৈতিক স্খলনজনিত বিষয় নজরে এলে তাদের বিরুদ্ধে সাময়িক বরখাস্তসহ কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়া বিভাগীয় মামলা রুজু করে শাস্তির বিধান রয়েছে এবং সেই রেকর্ড সংশ্লিষ্ট কর্মকর্তার ডোসিয়ারে সংরক্ষণ করা হয়, যা পরবর্তীতে পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে বিবেচনা করা হয়।
কর্মকর্তাদের সচেতনতা বাড়াতে ২০২৫–২৬ অর্থবছরে ৬টি বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাধ্যমে ১৮০ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং চলতি বছরে আরও ৮টি প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
সংসদে সরকারি চাকরির বিশাল শূন্যপদের চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে মোট ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। এর বিপরীতে শূন্য পদের সংখ্যা ৫ লাখ ২১ হাজার ৯২২টি। এছাড়া সারাদেশে বিভিন্ন ক্যাডারে ৮ হাজার ৯৯টি পদ খালি রয়েছে বলেও তিনি জানান।
শীর্ষ পর্যায়ের পদের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি বলেন:
সচিব ও সিনিয়র সচিব: ৬৯টি পদের বিপরীতে কর্মরত ৬৭ জন।
অতিরিক্ত সচিব: ৩৬৮টি পদের বিপরীতে কর্মরত ৩৭৮ জন।
যুগ্ম সচিব: ১ হাজার ১১৬টি পদের বিপরীতে কর্মরত ৮৯৩ জন।
উপসচিব: ২ হাজার ২৪৫টি পদের বিপরীতে কর্মরত ২ হাজার ৯৪০ জন।
সংরক্ষিত আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিসিএস পরীক্ষার সময়সীমা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা হয়েছে। ৪৪তম বিসিএসে ৩ বছর ৭ মাস সময় লাগলেও, ৪৭তম বিসিএসের ফলাফল মাত্র ১ বছর ৭ মাসের মধ্যে প্রকাশ করা হয়েছে। আগামীতে ৫০তম বিসিএসের ফলাফল এক বছরের মধ্যে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া বর্তমানে সরকারি চাকরিতে নারীর অংশগ্রহণ ২৯ শতাংশ।
পরিশেষে, নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হেলালীর প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী দৃঢ়তার সাথে বলেন, বর্তমান প্রশাসনে নিয়োগ, বদলি ও পদায়নের ক্ষেত্রে যেকোনো রাজনৈতিক বা অন্যায্য প্রভাবমুক্ত পরিবেশ বজায় রাখা হয়েছে। এখন থেকে মেধা, সততা ও দক্ষতাই হবে সরকারি চাকরির একমাত্র মানদণ্ড।
জেএস

ডেসটিনি প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











