জুলাই গণঅভ্যুত্থানে বড় সন্তানকে হারিয়ে এবং ছোট ছেলের ক্যানসারে আক্রান্ত হওয়ার চরম বাস্তবতায় দিশেহারা মা ফাতেমা তুজ জোহরা। এমন এক কঠিন সময়ে অসহায় এই পরিবারের অভিভাবক হিসেবে পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন ফাতেমা তুজ জোহরা ও তার ক্যানসারে আক্রান্ত ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী জিসানের শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন এবং তার উন্নত চিকিৎসার বিষয়টি নিশ্চিত করার আশ্বাস দেন। একই সঙ্গে, পরিবারটির আর্থিক সংকট লাঘবে মা ফাতেমা তুজ জোহরাকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’র সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট রাতে গুলিতে শহীদ হন ফাতেমা তুজ জোহরার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। এই শোক কাটতে না কাটতেই দুই সপ্তাহ পর জানা যায়, ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান ক্যানসারে আক্রান্ত। এর সাত মাস পর স্বামীকেও হারিয়ে পরিবারটি চরম অর্থনৈতিক ও মানসিক সংকটে পড়ে।

শুরু থেকেই ফাতেমা তুজ জোহরার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিলেন তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক ও বর্তমান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমানের মাধ্যমে নিয়মিত জিসানের চিকিৎসার তদারকি করতেন তিনি।

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরও তিনি জিসানের চিকিৎসার যাবতীয় ব্যবস্থাপনা এবং এই পরিবারের সংকট নিরসনে ব্যক্তিগতভাবে তদারকি অব্যাহত রেখেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই মানবিক উদ্যোগে পরিবারটির মাঝে নতুন করে বাঁচার আশা জেগেছে।

জেএস